সালানপুর - প্রেমের আট বছর, স্বীকৃতির অপেক্ষায়!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         ভালোবাসার টানে নিজের সমাজের বিরোধিতা, সামাজিক বঞ্চনা, এমনকী সম্প্রদায় থেকে বহিষ্কারের যন্ত্রণা- সবই মেনে নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, ভালোবাসার মানুষটিই হবেন জীবনের শেষ আশ্রয়। কিন্তু আট বছরের সম্পর্কের শেষে সেই মানুষই অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের সালানপুরে।

     সালানপুর থানার বাধানবাড়ি গ্রামের ৩৬ বছর বয়সি এক আদিবাসী মহিলার অভিযোগ, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একই গ্রামের বিমল গরাইয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে মায়ের উপস্থিতিতে সিঁদুরদানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। 

        অভিযোগ, ভিন্ন সম্প্রদায়ে বিয়ের কারণে সামাজিক বিরোধিতার মুখে পড়তে হয় তাঁকে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় থাকলেও তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সংসার করেননি বিমল।

        সম্প্রতি অন্য এক তরুণীর সঙ্গে আগামী ডিসেম্বরে বিমলের বিয়ের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ বিমল গরাইকে গ্রেফতার করে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

      তবে অভিযোগকারিণীর দাবি যেন আরও বেদনাবিধুর। তাঁর একটাই কথা, তিনি বিমলকেই বিয়ে করতে চান, তাঁর সঙ্গেই সংসার করতে চান। আট বছরের ভালোবাসার স্বীকৃতি কি শেষ পর্যন্ত মিলবে? সেই প্রশ্নেই এখন সরগরম সালানপুর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়