পাকা ধানে থইথই জল, ম্লান অন্নদাতাদের মুখের হাসি
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -: যে মাঠে কয়েক দিন আগেও সোনালি ধানের শিষে দুলছিল স্বপ্ন, আজ সেখানে শুধুই জল আর হাহাকার। সারা বছরের পরিশ্রম, ধারদেনা করে কেনা বীজ, সার, সেচের খরচ- সবকিছুর হিসেব যেন এক নিমেষে মুছে দিল অকাল বৃষ্টি। ঘরে ফসল তোলার মুখে প্রকৃতির এমন নিষ্ঠুর পরিহাসে দিশেহারা চাষিরা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার পাকা ধানক্ষেত এখন জলমগ্ন। কোথাও পাকা ধান গাছসমেত শুয়ে পড়েছে জলের তলায়, কোথাও আবার কাটা ধান ভিজে পড়ে রয়েছে জমিতেই। যে সোনালি শিষ ঘিরে কৃষকের চোখে ছিল নতুন আশার আলো, সেই ফসলই এখন পচে যাওয়ার আশঙ্কায়। চোখের সামনে নিজের স্বপ্ন ডুবতে দেখে কেউ জমিতে নেমে ধান উদ্ধারের চেষ্টা করছেন, কেউ আবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জলভরা মাঠের দিকে। এক চাষির আক্ষেপ, ‘‘সারা বছর খেটে ধান ফলিয়েছি। সার, বীজ, মজুরি— সবেতেই ধার রয়েছে। এখন ফসল নষ্ট হলে সেই ধার শোধ করব কী করে? সংসারই বা চলবে কীভাবে?’’ কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জলে ডুবে থাকলে পাকা ধানের দানা অঙ্কুরিত হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে শিষ...