রবীন্দ্রনাথ - আজও আমাদের হৃদয়ে
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- দেশ, কালের সীমায় আটকে না থাকা রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বের বিরল প্রতিভাধর মহামানব কাব্য জগতে যিনি বিশ্বকবি বা গুরুদেব নামেই পরিচিত। তাঁর সৃষ্টির স্বাদ বিশ্বের প্রতিটি দেশের মানুষ আজও উপভোগ করে চলেছে। বাঙালির মনে-প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে-ব্যসনে সবেতেই আছেন রবীন্দ্রনাথ। মানব জীবনের সমস্ত ধরনের অনুভূতিবোধ নিয়ে রচনা করেছেন কাব্যগাথা। কোনো কিছুই তাঁর দৃষ্টি এড়িয়ে যায়নি। তিনি হয়ে উঠেছেন বাঙালির আত্মার আত্মা, ঘরের মানুষ। 'আজি হতে শতবর্ষ পরে'-ও থেকে গেছেন একইরকম প্রাসঙ্গিক। তাঁর জন্মদিন হয়ে উঠেছে জাতীয় উৎসব। জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি। ভাবা হয়েছিল তিনি হয়তো বিলাস ব্যসনে মত্ত হয়ে উঠবেন। বাস্তবে দেখা গেল তিনি অন্য ধাঁচের মানুষ। জন্মসূত্রে যিনি জমিদার কর্মসূত্রে তিনি সাহিত্যস্রষ্টা। তিন হাজারের মতো কবিতা, দু’হাজারের বেশি গান, গল্প, উপন্যাস, নাটক, অজস্র প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শ...