আলোয় ভিড়, নিরাপত্তায় সতর্কতা: চোরবাগানের ছায়ায় আসানসোলের পুজোমণ্ডপ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: উৎসবের আলোয় যখন শহর ভেসে ওঠে, তখন এক মুহূর্তের অসতর্কতাই আনন্দের আকাশে নামিয়ে আনতে পারে শোকের অন্ধকার। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার পর সেই আশঙ্কাই নতুন করে সামনে এসেছে আসানসোলে। পুজোমণ্ডপগুলির নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে প্রশাসন। রবিবার এ কথা জানিয়েছেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। চোরবাগানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুজোর মতো আনন্দের পরিবেশে মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সব দুর্ঘটনা রোখা সম্ভব না হলেও আগাম সতর্কতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা বিপদের আশঙ্কা অনেকটাই কমাতে পারে। আসানসোলের বিভিন্ন মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ পর্যাপ্ত এবং বাধামুক্ত কি না, ভিড় সামলাতে যথেষ্ট স্বেচ্ছাসেবক রয়েছেন কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ...