বিসিসিএলের নোটিশ ঘিরে কুলটিতে বিক্ষোভ
অঙ্কিতা চ্যাটার্জ্জী, কুলটি -:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কুলটির মনবড়িয়ায় বিসিসিএল-এর কোয়ার্টার খালি করার নোটিশকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের মধ্যে কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়েই উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দিয়ে তিনি কোয়ার্টারের দেওয়ালে টাঙানো নোটিশ নিজেই ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, পুনর্বাসন বা আলোচনা ছাড়া এভাবে জোর করে মানুষকে উচ্ছেদ করা যায় না। এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ জনবিরোধী। বিসিসিএল-এর জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করে তিনি অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করার দাবি করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। তার সঙ্গে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও সমর্থক উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment