বেপরোয়া পার্কিংয়ে পুলিশের লাগাম, ১০ জনকে জরিমানা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
সড়ক যেন কারও ব্যক্তিগত পার্কিংয়ের জায়গা নয়, আর নিরাপত্তার নিয়মও উপেক্ষার বিষয় নয়। যানজটের জট খুলতে এবং পথচলতি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার রাস্তায় নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বুধবার বিশেষ অভিযান চালিয়ে কড়া বার্তা দিল পুলিশ প্রশাসন।
আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের উদ্যোগে ১৯ নম্বর জাতীয় সড়কের কাল্লা বাইপাস সার্ভিস রোড এবং জুবিলি-গীতাঞ্জলি ধাবা সংলগ্ন এলাকায় এই অভিযান চলে। রাস্তার উপর বেআইনিভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে বিশেষ নজরদারি চালানো হয়। পাশাপাশি ত্রিপল দিয়ে ঢাকা গাড়ি, টোটো এবং হেলমেট ছাড়া মোটরবাইক চালকদেরও পরীক্ষা করেন ট্রাফিক কর্মীরা। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১০ জনকে জরিমানা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের আবেদন, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং, মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক বিধি মেনে চলুন। কারণ, কয়েক মিনিটের অসতর্কতা কখনও কখনও কেড়ে নিতে পারে অমূল্য প্রাণ। মনে রাখতে হবে, সড়ক সবার, নিরাপত্তার দায়িত্বও সবার।
Comments
Post a Comment