হাতের বাঁকে আশীর্বাদ নয়, সচেতনতার আলো
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল-রাণীগঞ্জের ধুলোমাখা রাজপথে আজ নতুন ভোরের ছোঁয়া। সিগন্যালের লাল আলোয় যে হাত একদা আশীর্বাদের আশায় প্রসারিত হতো, আজ সে হাতে সচেতনতার প্ল্যাকার্ড। হেলমেটহীন বাইকযাত্রীকে থামিয়ে নিরাপত্তার সুর বাঁধছেন কিন্নর সমাজের সদস্যরা।
‘বৃহন্নলা ব্রিগেড’-এর ঘোষণায় খনি অঞ্চলে যেন এক নতুন ছন্দ লেগেছে। পুলিশের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে ট্রাফিক সচেতনতা ও পুরসভার বকেয়া কর আদায়ের দায়িত্ব মিলবে, সঙ্গে মাসিক সাম্মানিক। বাবলির কণ্ঠে তাই দৃঢ় প্রত্যয়- “আমরা আশীর্বাদ দিতে জানি, এবার কাজ করে সম্মান নিতেও জানব।”
সন্ধ্যায় কিন্নর পাড়ার চায়ের আড্ডায় স্বপ্নের ডানা মেলছে আগামী দিন। পূজার চোখে চেনা পথই হয়ে উঠছে রোজগারের সোপান। দীর্ঘ একাকিত্ব ভুলে মমতা অনুভব করছেন সমাজের আপন স্পর্শ।
রবিনার আকুলতা, স্কুলের কচিকাঁচাদের চোখে যেন ভয় নয়, ফুটে ওঠে আপন দিদির হাসি। আর সিমরনের কথায় বাস্তবের মাটি- নিয়মিত আয়ে ঘুচবে ঘরভাড়া আর ওষুধের দুশ্চিন্তা।
পুরসভার বকেয়া কর আদায়ে মানুষের দুয়ারে পৌঁছনোর কথাও ভাবা হচ্ছে; কারণ, যে কণ্ঠের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, সেই কণ্ঠেই তো বদলে যেতে পারে অনেক হিসাব। দীর্ঘদিনের অবহেলা আর জানালার তোলা কাচ পেরিয়ে আজ চোখের ভাষায় জমছে স্বীকৃতির উষ্ণতা।
খনি অঞ্চলের একটাই দাবি- কলকাতার পাশাপাশি আসানসোল-রাণীগঞ্জেও দ্রুত শুরু হোক প্রশিক্ষণ ও নিয়োগ। সম্মান যে দয়ার দান নয়, তা কাজের হাত ধরেই ছুঁতে চান তাঁরা। অবহেলার প্রহর কাটিয়ে আত্মনির্ভরতার এই আলোয় সত্যিই হাসছে আসানসোল-রাণীগঞ্জ।
Comments
Post a Comment