হীরাপুর - নাটকের শেষ, গুলির শব্দে থামল পলায়ন!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

     দু’দিনের রুদ্ধশ্বাস পুলিশি তল্লাশি, আতঙ্ক আর উৎকণ্ঠার অবসান ঘটল শুক্রবার সকালে। পুলিশের পাল্টা গুলিতে জখম অবস্থায় গ্রেফতার হল আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাঁও। তাকে কেন্দ্র করে ফের গুলির শব্দে কেঁপে উঠল হিরাপুরের ইসমাইলের পাঁজা গলি সংলগ্ন জনবহুল এলাকা। আতঙ্কে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ন’টা নাগাদ প্রতাপের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। 

      পুলিশের দাবি, একটি নির্মীয়মাণ বাড়ির জলট্যাঙ্কের আড়ালে লুকিয়ে থাকা প্রতাপকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে সে উল্টে পুলিশের দিকে বন্দুক তাক করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তার ডান পায়ে লাগে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

     উল্লেখ্য, বুধবার প্রতাপকে ধরতে গিয়ে তার গুলির মুখে পড়ে পুলিশ। তারপর থেকেই চলছিল চিরুনি তল্লাশি। বৃহস্পতিবার রাত পর্যন্ত মেলেনি তার সন্ধান।

      ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দু’দিনের আতঙ্কের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকা। তবে জনবসতির বুকে বন্দুকের এই দাপট ফের প্রশ্ন তুলল সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়