প্রতীক্ষার অবসান, সাফল্যের আলোয় নতুন প্রজন্ম
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। সাফল্যের এই ছবিতে রাজ্যের জেলাগুলির মধ্যে শীর্ষস্থান দখল করেছে নদীয়া। সেখানে পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর (৯৫.০৯ শতাংশ) এবং তৃতীয় স্থানে হাওড়া (৯৫.০৮ শতাংশ)। কলকাতার স্থান অষ্টম, পাশের হার ৯৩.৪৫ শতাংশ।
এ বছর পরীক্ষায় বসেছিল মোট ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ, ছাত্রীদের ৯২.৬৮ শতাংশ। অর্থাৎ সাফল্যের দৌড়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছাত্রীরা।
বিভাগভিত্তিক ফলেও উজ্জ্বল বিজ্ঞান ও বাণিজ্য। বিজ্ঞানে পাশের হার ৯৮ শতাংশ, বাণিজ্যে ৯৮.১১ শতাংশ এবং কলা বিভাগে ৯১ শতাংশ।
শুক্রবার বিকেল ৩টে থেকে সংসদের ওয়েবসাইটে ফল দেখা ও ডাউনলোডের সুযোগ মিলেছে। এ বছর মেধাতালিকা প্রকাশ করা হয়নি। চূড়ান্ত সেমেস্টারের ফলের সময় দেওয়া হবে মূল মার্কশিট।
তবে নম্বরের হিসাবের বাইরেও প্রতিটি ফলাফলের আড়ালে লুকিয়ে থাকে কত রাতজাগা পরিশ্রম, অভিভাবকের নীরব ত্যাগ আর শিক্ষকদের নিরলস পথচলা। কারও কাছে এই ফল নতুন উড়ানের সূচনা, কারও কাছে আরও একবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা। কারণ, জীবনের পরীক্ষায় সাফল্যের শেষ কথা কোনও মার্কশিট নয়, স্বপ্নকে বাঁচিয়ে রাখার সাহস।
Comments
Post a Comment