আসানসোল - ছটব্রতীদের পাশে সমাজসেবী রামচন্দ্র
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ছটপুজো শুধু সূর্যদেবের আরাধনা নয়, এ যেন বিশ্বাস, সংযম আর সাম্যের এক অনন্য উৎসব। সেই পবিত্র উৎসবের আনন্দ যেন অর্থাভাবে কারও ঘরে ম্লান না হয়ে যায়, সেই মানবিক ভাবনা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজসেবী রামচন্দ্র সাউ।
প্রতি বছরের মতো এবারও ছটপুজো উপলক্ষ্যে আসানসোলের সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী ফাঁড়ি সংলগ্ন লেফট ব্যাঙ্ক এলাকায় প্রায় ১০০ জন অসহায় ছটব্রতীর হাতে পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
শুক্রবার লেফট ব্যাঙ্কে নিজের বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন রামচন্দ্র সাউ ও তাঁর পরিবার। ছটব্রতীদের হাতে তুলে দেওয়া হয় পুজোর ফল, নৈবেদ্যর সামগ্রী এবং নতুন পোশাক। লেফট ব্যাঙ্ক, হদলা, ধনুড়ি, দেন্দুয়া ও কল্যাণেশ্বরী এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে উৎসবের হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রামচন্দ্র সাউ জানান, সকলেই যাতে আনন্দ ও ভক্তির সঙ্গে ছটপুজো পালন করতে পারেন, সেই লক্ষ্যেই তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার, পঞ্চায়েত সদস্যা গুড়িয়া দেবী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবের আলো তখনই পূর্ণতা পায়, যখন তার উষ্ণতা পৌঁছয় অসহায় মানুষের দোরগোড়ায়। রামচন্দ্র সাউয়ের এই উদ্যোগ যেন সেই মানবিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত।
Comments
Post a Comment