পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজনীতির রং বদলেছে, বদলেছে ক্ষমতার সমীকরণ। কিন্তু পালাবদলের পরেও মুছল না সংঘাতের ক্ষত! রাজনৈতিক উত্তেজনার নতুন অভিযোগে ফের আলোচনায় পাণ্ডবেশ্বর। নামুপাড়ায় প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি যমুনা ধীবরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
যমুনা ধীবরের অভিযোগ, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ লাঠি, সোটা ও শাবল নিয়ে ২০-২৫ জনের একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলেও দাবি তাঁর।
এই হামলার পিছনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দুই ব্যক্তির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করাননি যমুনা। তাঁর দাবি, দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় অশান্তি ছড়াচ্ছেন। ঘটনাটি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকেও জানিয়েছেন বলে দাবি তাঁর।
অন্যদিকে, বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল-১ সভাপতি সবিতা বাগদি জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Post a Comment