ওষুধের দোকানের আড়ালে নিষিদ্ধ কারবার! উদ্ধার ফেনসিডিলের বোতল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পেশায় ওষুধ ব্যবসায়ী, অথচ নিজের বাড়িতেই নিষিদ্ধ ওষুধের এমন বিপুল মজুত! চিকিৎসার জন্য যেখানে ওষুধ বিক্রির কথা, সেখানেই কি চলছিল নেশার সামগ্রীর গোপন কারবার? দুর্গাপুরের ফুলঝোড়ে পুলিশের অভিযানে ২৮৫ বোতল ফেনসিডিল সিরাপ, প্রচুর নিষিদ্ধ ট্যাবলেট ও গাঁজার প্যাকেট উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে নিউ টাউনশিপ থানার পুলিশ ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় সুদীপ মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। তল্লাশিতেই বেরিয়ে আসে নিষিদ্ধ সামগ্রীর বিপুল ভাণ্ডার। গ্রেফতার করা হয় বাড়ির মালিক তথা ওষুধ ব্যবসায়ী সুদীপকে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানিয়েছেন, অভিযান চালিয়ে প্রায় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ-সহ নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
কোথা থেকে এল এই বিপুল নিষিদ্ধ সামগ্রী? এর পিছনে কি রয়েছে কোনও সংগঠিত পাচারচক্র, নাকি আরও গভীর কোনও যোগসূত্র? তদন্তে এখন সেই রহস্যেরই সন্ধান করছে পুলিশ।
ওষুধ ব্যবসার আড়ালে যদি সত্যিই নেশার কারবারের শিকড় বিস্তার করে থাকে, তবে তার আঁচ কত দূর পর্যন্ত পৌঁছেছে, সেটাই এখন বড় উদ্বেগের বিষয়।
Comments
Post a Comment