দুর্গাপুর - আলমারিতে ভাঙনের দাগ, ফাইল উধাওয়ের আতঙ্ক!

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      সরকারি দফতরের দরজায় ভাঙা তালা, ভিতরে তছনছ আটটি আলমারি! রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে দুষ্কৃতীদের এমন দুঃসাহসিক হানা ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। শুধু চুরিই নয়, গুরুত্বপূর্ণ সরকারি নথি ও প্রকল্পের ফাইল লোপাটের আশঙ্কায় ঘনীভূত হয়েছে রহস্য। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

      ঘটনাটি নিউটাউনশিপ থানার অন্তর্গত তৃণমূল পরিচালিত জেমুয়া গ্রাম পঞ্চায়েতের। শুক্রবার সকালে পঞ্চায়েত সেক্রেটারি আশিস কুমার শো অফিস খুলতে এসে দেখেন, মূল দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে আরও ভয়াবহ দৃশ্য। পরপর আটটি আলমারির তালা ও দরজা ভেঙে তছনছ করা হয়েছে। ওই আলমারিগুলিতেই বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র সংরক্ষিত ছিল বলে জানা গিয়েছে। খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউনশিপ থানার পুলিশ।

     অন্যদিকে, চুরির খবর পেয়ে পঞ্চায়েত অফিসের বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, দুর্নীতির প্রমাণ লোপাট করতেই এই চুরির ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

     তবে চুরির নেপথ্যে প্রকৃত উদ্দেশ্য কী, কোনও নথি সত্যিই উধাও হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতাও যাচাইসাপেক্ষ।

     আটটি আলমারির ভাঙা দরজা এখন একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। চোরের লক্ষ্য কি সম্পদ, নাকি নথির আড়ালে লুকিয়ে থাকা কোনও রহস্য? তদন্তেই মিলবে উত্তর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়