আসানসোল - ছটপুজোয় নতুন রূপ দামোদরের ছোট ঘাটের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ছটপুজোর পবিত্র লগ্ন আসতেই দামোদর নদের বুক চিরে যেন এক নতুন জীবনের পরশ বুলিয়ে দিচ্ছে আসানসোল কর্পোরেশন। এতদিন যে ছোট ঘাটগুলো পাথর, মদের বোতল ও জঞ্জালের স্তূপে মুখ লুকিয়ে থাকত, আজ সেখানে বইছে উন্নয়নের ফাগুন। ব্রতী ও পুণ্যার্থীদের সুনিরাপদ পদচারণায় ঘাটগুলোকে নতুন রূপে সাজিয়ে তোলার এই নিরলস উদ্যোগ সত্যি এক অভাবনীয় রূপান্তর।
নেহরু পার্ক, ভূতবাড়ি বা ভূতনাথ মন্দির সংলগ্ন ছোট ঘাটগুলোতে এখন দিনরাত এক করে চলছে কর্মযজ্ঞ। জেসিবি আর পকলেনের গর্জন ভেদ করে নদীর ধার বরাবর তৈরি হচ্ছে প্রায় কুড়ি ফুটের চওড়া পথ। জঙ্গলঘেরা বিপজ্জনক এলাকাগুলো ঘেরাও করার পাশাপাশি শৌচাগার, মেডিক্যাল ক্যাম্প এবং পুলিশের কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা চত্বর। রাজনৈতিক প্রতিশ্রুতির আলো এসে মুছে দিয়েছে অবহেলার দীর্ঘদিনের অন্ধকার।
মাটি সমতল করে দামোদরের এই ঘাটগুলোকে পরিচ্ছন্ন ও পবিত্র করে তোলার দৃশ্য মনে করিয়ে দেয়, মানুষের ইচ্ছেশক্তি থাকলে জঞ্জাল পেরিয়েও ফিরিয়ে আনা যায় সৌন্দর্যের সুবাস। ছটপুজোর এই ক্ষণে ভক্তদের ভক্তি আর প্রশাসনের এই আন্তরিক মেলবন্ধন দামোদরের জলরাশিকে যেন এক নতুন আশীর্বাদে ভিজিয়ে দিল।
Comments
Post a Comment