দড়িতে বাঁধা সন্তান, অসহায় বাবার বুকভরা আর্তি!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     সন্তানকে আগলে রাখার কথা বাবার, অথচ সেই সন্তানকেই দড়ি ও টিউব দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে থানায় নিয়ে যেতে হল তাঁকে! কোনও শাস্তি দেওয়ার জন্য নয়, ছেলের প্রাণ বাঁচাতে চিকিৎসার ব্যবস্থা করার আকুল আবেদন জানাতেই। দুর্গাপুরের এই মর্মান্তিক ঘটনা যেন এক অসহায় পিতার বুকফাটা আর্তনাদ!

     দুর্গাপুরের পাওয়ার হাউস বস্তির বাসিন্দা ভ্যানচালক সুনীল সাহের ২১-২২ বছরের ছেলে কানহাইয়া সাহ গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কী ধরনের নেশা করেছেন, তা পরিবারের কারও জানা নেই বলে দাবি বাবার। ছেলের আচরণে আতঙ্কিত হয়ে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও অভিযোগ, ভর্তি করা হয়নি। আর্থিক অনটনে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্যও নেই পরিবারের।

      ক্রমশ বাড়তে থাকা অস্বাভাবিক আচরণে যেকোনও মুহূর্তে বড় অঘটন কিংবা আত্মহানির আশঙ্কা করছেন বাবা। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে ছেলেকে ভ্যানে বেঁধে দুর্গাপুর থানায় হাজির হন তিনি।

     তাঁর একটাই আবেদন, ছেলের চিকিৎসার ব্যবস্থা হোক। সন্তানকে হারানোর ভয় আর চিকিৎসার অসহায়তা- দুইয়ের মাঝে দাঁড়িয়ে এক বাবার এই আর্তি সমাজ ও প্রশাসনের কাছে মানবিক দায়িত্বের কঠিন প্রশ্ন তুলে দিল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়