শ্রমের ঘামে স্বস্তি, বার্ণপুর ইস্কোয় বাড়ল চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     শ্রমের ঘামে গড়ে ওঠে শিল্পের ভিত, অথচ সেই শ্রমিকের প্রাপ্য মজুরি নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা থাকে অটুট। এবার সেই প্রত্যাশায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এল বার্ণপুরের সেল ইস্কো স্টিল প্ল্যান্ট। প্ল্যান্টে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১ নভেম্বর থেকেই এই বর্ধিত মজুরি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

       ভারত সরকারের শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরোর মহানির্দেশকের গত ৩০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির ভিত্তিতে এই সংশোধন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন মজুরির হার বহাল থাকবে।

     নির্দেশিকা অনুযায়ী, সাফাইকর্মীদের দৈনিক মজুরি ৭০৪ টাকা। নিরাপত্তারক্ষীরা অস্ত্র ছাড়া পাবেন ৯৩৩ টাকা এবং অস্ত্রসহ ১,০২৪ টাকা। অন্যান্য কাজে অদক্ষ শ্রমিকদের ৭০৪ টাকা, অদক্ষ সুপারভাইজারদের ৭৯৪ টাকা, দক্ষ ও ক্লারিক্যাল কর্মীদের ৯৩৩ টাকা এবং উচ্চদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারিত হয়েছে ১,০২৪ টাকা।

       মাসিক মজুরি হিসাব হবে সংশ্লিষ্ট মাসে উপস্থিতির দিনের সঙ্গে দৈনিক মজুরির হার গুণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনও শ্রমিক আগে থেকেই নির্ধারিত হারের চেয়ে বেশি মজুরি পেয়ে থাকলে তাঁর সেই মজুরি কমানো যাবে না।

      নতুন এই নির্দেশিকা সংশ্লিষ্ট আধিকারিক ও নিয়োগকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শিল্পের চাকা সচল রাখা শ্রমিকদের কাছে এই মজুরি সংশোধন নিঃসন্দেহে কিছুটা আশার আলো। তবে বিজ্ঞপ্তির নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে শ্রমিক মহল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়