চিত্তরঞ্জন রেল কারখানায় নিরাপত্তার ফাঁকে গুরুতর জখম কর্মী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কর্মক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? যন্ত্রের গর্জনের মাঝে আচমকাই নেমে এল বিপর্যয়। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের (সিএলডব্লু) ১৬ নম্বর শপে কাজ করার সময় মাথায় ভারী যন্ত্রাংশ পড়ে গুরুতর আহত হলেন এক কর্মী। আহতের নাম রিঙ্কু যাদব (৪৫)। ঘটনাকে ঘিরে কারখানার শ্রমিক মহলে ছড়িয়েছে উদ্বেগ ও ক্ষোভ।
সূত্রের খবর, কাজ চলাকালীন আচমকাই রেল ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ ভারী অংশ খুলে সরাসরি তাঁর মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় কেজি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য তাঁকে আসানসোলে স্থানান্তরিত করা হয়েছে।
এই দুর্ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন দুই ইউনিয়ন নেতা ইন্দ্রজিৎ সিং ও রাজীব গুপ্ত। তাঁদের অভিযোগ, বেসরকারি এজেন্সির নিম্নমানের ওয়েল্ডিংয়ের কারণেই যন্ত্রাংশটি খুলে পড়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পর্যাপ্ত সুপারভাইজার না থাকা এবং কাজের মান তদারকিতে গাফিলতির অভিযোগও তুলেছেন তাঁরা।
দুর্ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। কারণ, কর্মস্থলে জীবিকার সন্ধানে আসা কোনও মানুষের কাছে কাজের জায়গা যেন মৃত্যুফাঁদ হয়ে না ওঠে।
Comments
Post a Comment