মাদকের অন্ধকারে পুলিশের হানা, অন্ডালে উদ্ধার গাঁজা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মাদকের কালোবাজারে ফের পুলিশের বড়সড় আঘাত। গোপন খবরের সূত্র ধরে অন্ডালের মাটিতে অভিযান চালিয়ে পাচারচক্রের পর্দা ফাঁস করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট (ডিডি)। উদ্ধার হলো প্রায় ২০০ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অন্ডাল থানার অন্তর্গত টপ লাইনের বক্তারনগর রোডে হানা দেন ডিডির আধিকারিকরা। সন্দেহভাজন একটি বোলেরো পিকআপ ভ্যান আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মাদক। গাড়িতে থাকা দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়ি, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা এনে আসানসোল-সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে এই অন্ধকার কারবারের পিছনে আর কারা রয়েছে, কোথায় লুকিয়ে রয়েছে পাচারের মূল শিকড়, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
মাদক শুধু নেশা নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎ গ্রাস করার নীরব বিষ। তাই পুলিশের এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে দু’জনকে গ্রেফতার করেই যেন তদন্তের ইতি না ঘটে; মাদকের উৎস থেকে সরবরাহের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছনোই এখন পুলিশের আসল চ্যালেঞ্জ।
Comments
Post a Comment