ভুট্টার ব্যাগে পরিবেশের নতুন স্বপ্ন


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

    বাজারের থলিতে প্লাস্টিকের বদলে জায়গা করে নিতে চলেছে ভুট্টার দানা দিয়ে তৈরি অভিনব ব্যাগ। দেখতে অনেকটা প্লাস্টিকের মতো হলেও ব্যবহারের পর জলে দিলেই গলে যাবে এই ব্যাগ। পরিবেশবান্ধব এই উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    প্লাস্টিক দূষণ আজ প্রকৃতির কাছে এক নীরব অভিশাপ। নদী থেকে নালা, মাটি থেকে সমুদ্র- সর্বত্রই ছড়িয়ে পড়েছে প্লাস্টিকের বিষ। এই দূষণ রুখতে কখনও পাটের ব্যাগ, কখনও চটের থলি ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। এবার সেই উদ্যোগে নতুন মাত্রা যোগ করতে ভুট্টার দানায় তৈরি ব্যাগ ব্যবহারের পরিকল্পনা সামনে আনলেন মন্ত্রী।

     অগ্নিমিত্রা জানিয়েছেন, বাজারের বিভিন্ন জায়গায় রাখা হবে ভেন্ডিং মেশিন। সেখানে ২, ৫ কিংবা ১০ টাকা দিয়ে পাওয়া যাবে এই ব্যাগ। হঠাৎ বাজারে গিয়ে কাপড়ের ব্যাগ সঙ্গে আনতে ভুলে গেলেও আর প্লাস্টিকের আশ্রয় নিতে হবে না। সহজেই মিলবে বিকল্প।

   মন্ত্রী বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগের পাশাপাশি ভুট্টার দানা দিয়ে তৈরি ব্যাগও পাওয়া যাবে। একবার ব্যবহারের পর জলে দিলেই তা গলে যাবে বলে তাঁর দাবি।

      তবে এই অভিনব উদ্যোগের সাফল্য নির্ভর করবে এর বাস্তব প্রয়োগ, পরিবেশগত নিরাপত্তা এবং সাধারণ মানুষের সচেতনতার উপর।

     প্রকৃতিকে বাঁচানোর লড়াই শুধু প্রশাসনের নয়, প্রতিটি মানুষেরও। ছোট্ট একটি ব্যাগের বদলই হয়তো বড় পরিবর্তনের সূচনা করতে পারে। কারণ, আগামী প্রজন্মের হাতে দূষিত পৃথিবী নয়, সবুজ ও নির্মল প্রকৃতি তুলে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়