মোমোর সাইনবোর্ডে কার্ডের কারবার! প্রান্তিকায় দোকানের শাটার নামাল বিজেপি


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     বাইরে মোমোর হোর্ডিং, অথচ দোকানের অন্দরে চলছে আধার, ভোটার ও প্যান কার্ড তৈরির কাজ! এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়। অতিরিক্ত টাকা নেওয়া এবং সরকারি নিয়ম অমান্য করে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগ তুলে একটি দোকানের শাটার নামিয়ে দিল বিজেপি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়াল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

     অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে ওই দোকানে বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরির কাজ চলছে। বিজেপির দাবি, বৈধ নথি ছাড়াই আধার ও ভোটার কার্ড তৈরি করে দেওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এমনকী দেশের নাগরিক নন, এমন ব্যক্তিদেরও কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

    বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অতুল বাগদির অভিযোগ, তৃণমূল আমল থেকেই এই কারবার চলছে এবং এর পিছনে শাসকদলের নেতাদের মদত ছিল। তাঁর দাবি, বৈধ নথি ছাড়া কোনও কার্ড তৈরি করা চলবে না।

    অন্যদিকে, দোকানের মালিক মুকেশ কুমার সাউ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এক বছর ধরে অনলাইন পরিষেবার দোকান চালাচ্ছেন। অতিরিক্ত টাকা নেওয়া হয় না, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

    দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগে এখন প্রশ্নের মুখে পরিচয়পত্র তৈরির স্বচ্ছতা ও বৈধতা। তদন্তের পরই স্পষ্ট হবে, মোমোর হোর্ডিংয়ের আড়ালে সত্যিই কীসের কারবার চলছিল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়