আদালতের দোরগোড়ায় পার্থ, ছ’শর্তে মিলল জামিন
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। তবে স্বস্তির এই রায়ে জুড়ে দেওয়া হয়েছে ছ’টি কঠোর শর্ত।
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর সিবিআই তা আদালতে জমা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই পার্থকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
জামিন পেলেও শর্তের বেড়াজাল যথেষ্ট কঠোর। চিকিৎসার প্রয়োজন ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে, চার্জ গঠনের সময় হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। পাশাপাশি সাক্ষীদের ভয় দেখানো কিংবা একই ধরনের অপরাধে জড়ানোর উপরও নিষেধাজ্ঞা রয়েছে।
আদালতের নির্দেশে আপাতত মিলল আইনি স্বস্তি। তবে নিয়োগ দুর্নীতির জটিল অধ্যায়ে শেষ কথা এখনও অনেক দূর। জামিনের দরজা খুললেও বিচারপ্রক্রিয়ার অপেক্ষা যে শেষ হয়নি, আদালতের ছ’টি শর্তই যেন সেই বার্তা বহন করছে।
Comments
Post a Comment