খনির বিস্ফোরণ - অ্যাসবেস্টসের ছাদ ভেঙে গুরুতর জখম গৃহবধূ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      কয়লা উত্তোলনের জন্য খনির বুকে বিস্ফোরণ, আর তারই মাশুল গুনতে হচ্ছে নিরীহ জনবসতিকে! মাথার উপর ছাদ থাকলেও নিরাপত্তা নেই। ঘরের ভিতরেও যেন ওত পেতে রয়েছে বিপদ। ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমারি ওপেন কাস্ট প্রজেক্টে (ওসিপি) মঙ্গলবারের বিস্ফোরণ ঘিরে এমনই আতঙ্ক ও ক্ষোভ ছড়াল নিউ কলোনিতে।

     দুপুরে ভারী ব্লাস্টিং চলাকালীন ছিটকে আসা একটি বড় পাথর ত্যাগী পাসওয়ানের বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ভেঙে ঘরের ভিতরে পড়ে। সেই সময় ঘরে থাকা তাঁর স্ত্রী সঙ্গীতা দেবীর মাথায় পাথরটি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

       স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্লাস্টিংয়ের কম্পনে আশপাশের বাড়িতে ফাটল ধরছে। বারবার প্রতিবাদ করেও মেলেনি স্থায়ী সমাধান।

     ঘটনার প্রতিবাদে দুপুর তিনটে থেকে কয়লা উৎপাদন ও পরিবহণ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব, ক্ষতিপূরণ এবং জনবসতির পাশে ভারী ব্লাস্টিং বন্ধের দাবি ওঠে।

       প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ছ'টায় কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আপাতত সাধারণ ব্লাস্টিং বন্ধ রাখার প্রতিশ্রুতি মিলেছে।

       কিন্তু সাময়িক আশ্বাসে কি মিটবে আতঙ্ক? কয়লার উৎপাদন বাড়াতে গিয়ে মানুষের ঘর ও জীবনই যদি বিপন্ন হয়, তবে উন্নয়নের সেই মূল্য কে দেবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়