বিপদজয়ী ছোট্ট পা, আশার আলো বাঁকুড়া মেডিক্যালে


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 

     জন্মের আগেই বিপদ গ্রাস করেছিল ছোট্ট পায়ের স্বাভাবিক বেড়ে ওঠাকে। পৃথিবীর আলো দেখার আগেই এক অদৃশ্য বন্ধনে আটকে পড়েছিল শিশুটির পা। সেই আশঙ্কার অন্ধকার কাটিয়ে চিকিৎসকদের দক্ষতা ও মানবিক প্রচেষ্টায় ফিরল আশার আলো। মাত্র তিন মাসের শিশুর পা বাঁচাতে জটিল প্লাস্টিক সার্জারি করে সাফল্যের নজির গড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

     হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের বাসিন্দা শিশুটির মায়ের গর্ভাবস্থাতেই একটি পায়ে জড়িয়ে পড়েছিল অ্যামনিওটিক ব্যান্ড। দড়ির মতো শক্ত সেই বন্ধন পায়ের স্বাভাবিক রক্ত সঞ্চালন ও পুষ্টি পৌঁছনোর পথে বাধা হয়ে দাঁড়ায়। জন্মের পর দেখা যায়, পায়ের স্নায়ু ও স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য পায়ের তুলনায় সেটি অনেকটাই সরুও হয়ে গিয়েছিল।

      গত ২৭ অক্টোবর শিশুটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর ৫ নভেম্বর প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ অর্ণব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় জটিল অস্ত্রোপচার। চিকিৎসকদের দক্ষতা ও নিবিড় পরিচর্যায় সফল হয় সেই চিকিৎসা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৭ নভেম্বর শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

      এই সাফল্যে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে পরিবারটি। শিশুটির বাবা মহঃ নাইন জানান, আর্থিক অনটনের কারণে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য তাঁদের ছিল না। সরকারি হাসপাতালে এমন পরিষেবা পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।

    একটি ছোট্ট পায়ের সুস্থতার লড়াইয়ে এই জয় আসলে চিকিৎসাবিজ্ঞানের সাফল্যের পাশাপাশি মানবিকতারও জয়। প্রমাণ করল, অর্থের অভাব থাকলেও সরকারি চিকিৎসার হাত ধরে আশার আলো পৌঁছতে পারে অসহায় মানুষের ঘরে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়