পাথরের ঘায়ে রক্তাক্ত সংঘর্ষ! দুর্গাপুরে গ্রেফতার ব্লগার-সহ দু’জন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       রাস্তার জমা জল ছিটকে পড়েছিল গায়ে! সামান্য সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত পৌঁছল রক্তাক্ত সংঘর্ষে। অভিযোগ, পাথর দিয়ে মাথায় আঘাত করে এক পাওয়ার গ্রিড কর্মীকে গুরুতর জখম করেন ইউটিউব ব্লগার মৌটুসী মণ্ডল ও তাঁর পুরুষ সঙ্গী অনিল রায়। ঘটনায় গ্রেফতার দু’জনের ঠাঁই হল আপাতত সংশোধনাগারে। দুর্গাপুর মহকুমা আদালত তাঁদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

      অভিযোগ, রাস্তায় জমে থাকা জল ছিটকে পড়াকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। কথার লড়াই ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পাথরের আঘাতে এক কর্মীর মাথা ফেটে রক্ত ঝরার অভিযোগ ওঠে। সামান্য জল ছিটকে পড়ার ঘটনায় এমন হিংসাত্মক পরিণতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

      ধৃত মৌটুসী মণ্ডল (৩৪) চণ্ডীদাসের বাসিন্দা।সঙ্গী অনিল রায়ের বয়স ৩০ বছর। আদালতের নির্দেশে মৌটুসীকে আসানসোল সংশোধনাগারে এবং অনিলকে দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে পাঠানো হয়েছে।

     রাস্তার জল শুকিয়ে যাবে, মুছে যাবে সংঘর্ষের চিহ্নও। কিন্তু সামান্য ঘটনায় যে হিংসার দাগ পড়ল, তা সহজে মুছবে কি? এখন সেই প্রশ্নই ঘুরছে দুর্গাপুরের বাতাসে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়