আসানসোল - নদীর কান্না শুনে জাগুক বিবেক, সরব বিজ্ঞান মঞ্চ
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নদী শুধু জলধারা নয়, নদী একটি জনপদের প্রাণ, প্রকৃতির স্পন্দন এবং আগামী প্রজন্মের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। অথচ মানুষের স্বার্থ, অপরিকল্পিত বালি উত্তোলন আর নদীর গতিপথ পরিবর্তনের চাপে আজ বিপন্ন প্রকৃতির সেই অমূল্য সম্পদ। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবার নতুন করে সরব হলো বিজ্ঞান মঞ্চ।
দামোদর, গারুই, সিঙ্গারান ও অজয় নদীকে বাঁচানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে আসছে সংগঠন। অবৈধ বালি উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক গতিপথ অক্ষুণ্ণ রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পিত ড্রেজিংয়ের দাবিতে ফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তারা।
বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য তথা জেলার সহ-সম্পাদক কিংশুক মুখার্জির বক্তব্য, অপরিকল্পিত বালি উত্তোলনে নদীর স্বাভাবিক চরিত্র ও প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ উদ্বেগ প্রকাশ করে সিঙ্গারান নদীর গতিপথ পরিবর্তনের পিছনে বিভিন্ন কর্পোরেট সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। ইসিএলের কাজকর্মের কারণেও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তাঁর অভিযোগ।
তাঁর মতে, নদীর প্রবাহ ব্যাহত হলে ভূগর্ভস্থ জলের স্তরেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে পানীয় জলের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগের মূল বার্তা স্পষ্ট নদীকে রক্ষা করা মানে জীবনের ভবিষ্যৎকে রক্ষা করা। কারণ নদী শুকিয়ে গেলে শুধু জল হারায় না, হারিয়ে যায় সভ্যতার বেঁচে থাকার আশ্রয়ও। নদীর স্বাভাবিক ছন্দ ফিরুক, বাঁচুক প্রকৃতি, সুরক্ষিত হোক আগামী প্রজন্মের পৃথিবী।
Comments
Post a Comment