আট আলমারির রহস্যে নীরবতা, দু’দিনের ‘আলটিমেটাম’ বিধায়কের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সরকারি দফতরের আটটি আলমারি ভাঙা, উধাও নথি-সামগ্রীর হিসাব নেই, অথচ জবাবদিহির প্রশ্নে নীরব পঞ্চায়েত কর্তৃপক্ষ! জেমুয়া গ্রাম পঞ্চায়েতের চুরির ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান ও কর্মীদের দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি। স্পষ্ট হুঁশিয়ারি, অনিয়মের প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না।
আটটি আলমারি ভেঙে ঠিক কী কী নথি ও সামগ্রী চুরি হয়েছে, তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি পঞ্চায়েতের প্রধান ও কর্মীরা। বিধায়কের নির্দেশ, দু’দিনের মধ্যে চুরির সম্পূর্ণ হিসাব দিতে হবে।
ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের বহুতল আবাসন নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে। বিধায়কের অভিযোগের পর দুর্গাপুর-ফরিদপুরের বিডিও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এর মধ্যেই গত ১৩ নভেম্বর আটটি আলমারি ভেঙে চুরির ঘটনা সামনে আসে। অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েতের কর্মীদের একাংশের দিকে। যদিও বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ।
পাশাপাশি পঞ্চায়েতের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। সরকারি দফতর ছুটির দিনে বন্ধ থাকলেও নিরাপত্তার চোখ কেন বন্ধ থাকবে? আট আলমারির রহস্যে এবার জবাবের অপেক্ষা- নথি কোথায়, আর নীরবতার আড়ালে কী?
Comments
Post a Comment