চোর ধরার তদন্ত - পুলিশি হেনস্থার অভিযোগে ক্ষোভ
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
একটি বাড়িতে চুরির তদন্ত করতে গিয়ে চোর ধরার বদলে নিরীহ গ্রামবাসীদের হেনস্থা ও ভয় দেখানো হচ্ছে- এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সালানপুরের শিরীষবেড়িয়া গ্রাম। পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার দল বেঁধে থানায় হাজির হয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
ঘটনার সূত্রপাত গত ২৩ অক্টোবর। শিবু মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং কয়েক ভরি সোনা-রুপোর গয়না চুরির অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ হাবিব শেখ ও জামসুদিন শেখ নামে দু’জনকে আটক করে। গ্রামবাসীদের অভিযোগ, থানায় নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয়।
এরপর ওই বাড়িতে কাজ করা পূর্ণিমা বাউরিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে তাঁর পরিবারের সদস্যদেরও আটকের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
শনিবার গ্রামবাসীরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে স্পষ্ট জানান, তাঁরাও প্রকৃত অপরাধীর শাস্তি চান। তদন্তের নামে মারধর, ভয় দেখানো কিংবা নিরপরাধ পরিবারের সদস্যদের হয়রানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁদের বক্তব্য, আইনরক্ষকের দায়িত্ব অপরাধীকে খুঁজে বের করা, আতঙ্ক ছড়ানো নয়।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগ প্রসঙ্গে সালানপুর থানার পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments
Post a Comment