কুলটি - ক্রেতার ছদ্মবেশে চুরি, পুলিশের জালে দুই যুবক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ক্রেতা সেজে দোকানে প্রবেশ, সুযোগ বুঝে রুপোর গয়না নিয়ে উধাও! তবে চুরির সেই কৌশল বেশিক্ষণ কাজে এল না। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই অভিযুক্ত। উদ্ধার হলো চুরি যাওয়া রুপোর চেন ও ব্রেসলেট। কুলটির নিয়ামতপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

     মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর বাজারের বিজয় বর্মনের জুয়েলারি দোকানে ক্রেতা সেজে ঢোকে এক যুবক। রুপোর চেন ও হাতের ব্রেসলেট দেখার নাম করে দোকানদারের নজর ঘোরাতেই সুযোগ বুঝে গয়না নিয়ে চম্পট দেয় সে। দোকানের বাইরে বাইক নিয়ে অপেক্ষায় ছিল আর এক সঙ্গী। দু’জনে বাইকে চেপে দ্রুত এলাকা ছাড়ে বলে অভিযোগ।

      ঘটনার পরই নিয়ামতপুর ফাঁড়িতে খবর দেন দোকানমালিক। অভিযোগ পেয়েই তদন্ত ও তল্লাশিতে নামে পুলিশ। শুরু হয় অভিযুক্তদের খোঁজ। শেষ পর্যন্ত মাত্র এক ঘণ্টার মধ্যেই দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতরা অভিষেক সাউ ও প্রেম পাসোয়ান। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রুপোর চেন ও ব্রেসলেট।

       পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে দোকানমালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

      পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিজয় বর্মন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চুরির কৌশল যতই অভিনব হোক, আইনের নজর এড়ানো যে সহজ নয়, এই ঘটনায় ফের মিলল তারই প্রমাণ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়