আসানসোল - গরহাজিরায় থমকে পঞ্চায়েত, পাঁচগাছিয়ায় রাজনৈতিক উত্তাপ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

     ক্ষমতার পালাবদলে বদলেছে রাজনৈতিক সমীকরণ, কিন্তু প্রশাসনিক কাজের চাকা কি এবার থমকে যাবে? বারাবনির পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতে কোরাম গঠন ঘিরে শুক্রবার এমনই প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক মহল। নির্ধারিত দিনে তৃণমূলের কোনও সদস্য উপস্থিত না হওয়ায় তৈরি হল নতুন জটিলতা। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মীরা।

      দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, এতদিন বিরোধীদের পঞ্চায়েতে প্রবেশ ও নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। শুক্রবার কোরাম গঠনের নির্ধারিত দিনে তৃণমূল সদস্যদের অনুপস্থিতি সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

     বিজেপি নেতা অমল রায় অভিযোগ করেন, লজ্জার কারণেই তৃণমূল সদস্যরা মানুষের সামনে আসছেন না। পঞ্চায়েতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে আগামী দিনে বিভিন্ন কাজের তদন্তেরও হুঁশিয়ারি দেন তিনি। এদিন বিজেপি কর্মীরা মিষ্টি বিলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

     যদিও বিজেপির অভিযোগ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, বিডিও দফতরের বক্তব্য, আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

    রাজনৈতিক উচ্ছ্বাসের আবহে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পঞ্চায়েতের কাজ? কারণ ক্ষমতার লড়াইয়ের ঊর্ধ্বে সাধারণ মানুষের পরিষেবা যেন কোনওভাবেই থমকে না যায়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়