সালানপুর - ক্লাব দখলে ক্ষমতার ছায়া! ‘রয়েল’-এর চাবি কার হাতে?


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     পশ্চিম বর্ধমানের সালানপুরে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি নেতা বাদল পাতর। গ্রামের জনকল্যাণমূলক ক্লাব দখলের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিসাকো। অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পরই কল্যা পঞ্চায়েতের কালিসাকো গ্রামের সরকারি রেজিস্ট্রেশনভুক্ত ‘রয়েল ক্লাব’-এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন বাদল পাতর ও তাঁর কয়েকজন অনুগামী। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

    গ্রামবাসীদের ক্ষোভ, ক্লাব কোনও ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। গ্রামের মানুষের খেলাধুলো, পুজো-পার্বণ এবং সমাজসেবামূলক কাজের কেন্দ্র এই ক্লাব। অথচ প্রয়োজনের সময় চাবি চেয়েও পাওয়া যায় না বলে অভিযোগ। এমনকী ক্লাবের ভিতরে থাকা টেলিভিশন ভাঙচুর এবং ফ্রিজ উধাও হওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। প্রতিবাদীদের ভয় দেখাতে ক্লাবের ভিতরে লাঠি মজুত রাখার অভিযোগও উঠেছে।

    এই পরিস্থিতিতে একজোট হয়ে ক্লাবের সামনে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। দু’পক্ষকে বসিয়ে সমস্যার সমাধানের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত হয়। থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছেন বাসিন্দারা।

       গ্রামবাসীদের একটাই দাবি- রাজনীতির দখলদারি নয়, ফিরুক গ্রামের মানুষের অধিকার। কারণ ক্লাবের নাম ‘রয়েল’ হলেও, তার মালিকানা কোনও রাজদণ্ডের নয়, গোটা গ্রামের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়