জন্মদিনে গৌসেবায় অজয়ের আত্মিক নিবেদন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জন্মদিন মানেই কেক, ফুলের তোড়া কিংবা শুভেচ্ছার বন্যা নয়। কখনও কখনও বিশেষ দিন হয়ে ওঠে সেবার স্পর্শে, শ্রদ্ধার নিবেদনে। সেই বার্তাই যেন উঠে এল মঙ্গলবার রাজ্যের মন্ত্রী অজয় কুমার পোদ্দারের জন্মদিনে।
জন্মদিনের শুভক্ষণে বরাকরের পিঞ্জরাপোল সোসাইটির গোশালায় পৌঁছে গৌসেবায় অংশ নেন মন্ত্রী। গৌমাতার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন তিনি। জন্মদিনের আনন্দকে আড়ম্বরের বদলে সেবার মধ্য দিয়ে উদ্যাপন করার এই উদ্যোগে ফুটে ওঠে তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও আবেগের প্রতিফলন।
মন্ত্রী বলেন, এই গোশালার সঙ্গে তাঁদের সম্পর্ক কেবল সেবা ও সহযোগিতার নয়, বরং গভীর আত্মিক ও পারিবারিক বন্ধনের। এটি কোনও বাইরের জায়গা নয়, তাঁদের নিজেদের ঘর। অতীতেও তাঁরা গোশালার পাশে থেকেছেন, সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামী দিনেও একই নিষ্ঠা ও আন্তরিকতায় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
অজয় পোদ্দারের কথায়, গৌমাতার আশীর্বাদ এবং সকলের ভালোবাসাই তাঁর জন্মদিনের সবচেয়ে বড় উপহার।
জন্মদিনের উপহারের ঝলকানির বদলে সেবার স্পর্শ- বিশেষ দিনটিকে এভাবেই এক ভিন্ন আবেগে রাঙালেন মন্ত্রী।
Comments
Post a Comment