মাদকমুক্ত সমাজ গড়তে পানাগড়ের রাজপথে পুলিশের বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       নেশার নেশায় যখন অন্ধকার হয়ে আসে জীবনের আলো, যখন মাদকের বিষে ক্রমশ ক্ষতবিক্ষত হয় যুবসমাজের ভবিষ্যৎ, তখনই প্রয়োজন সচেতনতার সম্মিলিত প্রতিবাদ। সেই লক্ষ্যেই নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে পানাগড়ের রাজপথে নামল পুলিশ প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতা র‍্যালি।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে মাদকবিরোধী সপ্তাহ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন পানাগড় বাজারের চৌমাথা থেকে মাছ বাজার পর্যন্ত র‍্যালি পরিক্রমা করে। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

    এদিন উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি এমডি আলী রেজা, কাঁকসা থানার আইসি সন্দীপ দাস, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়ার।

      এদিন এসিপি এমডি আলী রেজা জানান, মাদকের কুফল সম্পর্কে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী ৭ নভেম্বর সপ্তাহের সমাপনী দিনে পানাগড় বাজারে বিশেষ পথসভার আয়োজন করা হয়েছে। সেখানে বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

        মনে রাখতে হবে, মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, ধ্বংস করে একটি পরিবার, বিপন্ন করে সমাজের ভবিষ্যৎ। তাই পুলিশের এই বার্তা স্পষ্ট - নেশা নয়, জীবন হোক সুন্দর; মাদক নয়, যুবসমাজের হাতিয়ার হোক স্বপ্ন ও সম্ভাবনা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়