আসানসোল - পরিষেবার অপেক্ষায় গ্রাম, পঞ্চায়েতের কাজে নিষ্ক্রিয়তার অভিযোগ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
গ্রামের উন্নয়ন থমকে গেলে তার অভিঘাত গিয়ে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। নাগরিক পরিষেবার আশায় পঞ্চায়েতের দরজায় অপেক্ষা করেও মিলছে না সমাধান- এমনই অভিযোগ ঘিরে বারাবনির পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন গ্রামের বাসিন্দারা প্রয়োজনীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিষ্ক্রিয়তার কারণেই এলাকার উন্নয়নমূলক কাজ ও নাগরিক পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির কথা জানিয়ে ইতিমধ্যেই বারাবনির বিডিওর কাছে লিখিত আবেদনও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
এদিকে, শুক্রবার পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের জন্য সভা ডাকা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্বাচিত সদস্যদের উপস্থিতি না থাকায় শেষ পর্যন্ত সভা মূলতুবি করতে হয়। বিজেপি নেতৃত্বের দাবি, সদস্যদের অনুপস্থিতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একদিকে নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ, অন্যদিকে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সভা ভেস্তে যাওয়া- সব মিলিয়ে প্রশ্নের মুখে পাঁচগেছিয়ার প্রশাসনিক পরিষেবা।
রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীর দাবি একটাই- পঞ্চায়েত যেন রাজনৈতিক টানাপোড়েনের মঞ্চ না হয়ে মানুষের পরিষেবা ও উন্নয়নের ঠিকানা হয়ে ওঠে। কারণ, গণতন্ত্রের আসল শক্তি ক্ষমতার আসনে নয়, মানুষের পাশে থাকার দায়বদ্ধতায়।
Comments
Post a Comment