ঘরের ভিতরেও আতঙ্কের ছায়া, ছুরির কোপে রক্তাক্ত যুবক!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হানা, ঘরের ভিতরে ঢুকেও রেহাই নেই! নিরাপদ আশ্রয় বলে পরিচিত নিজের বাড়িতেই যদি ছুরি হাতে হামলাকারীদের মুখোমুখি হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রূপনারায়ণপুর সংলগ্ন কানগোইয়ে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দলের তাণ্ডবের অভিযোগ ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
ঘটনাটি গত ১২ নভেম্বর রাত প্রায় ১০টার। মিহিজাম থানা এলাকার রূপনারায়ণপুর চেকপোস্টের কাছে রাজহংস কারখানার পিছনে শিব পাসির বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ঢুকেই পরিবারের সদস্যদের সোনা-রুপোর গয়না খুলে দিতে চাপ সৃষ্টি করে তারা। বাদ যাননি শিবের মা-ও। প্রতিবাদ করতেই হামলাকারীদের রোষের মুখে পড়েন শিব। চলে বেধড়ক মারধর। একপর্যায়ে ছুরির আঘাতে রক্তাক্ত হন তিনি। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পুরোনো বিবাদের জেরেই এই হামলা, নাকি লুটপাটের উদ্দেশ্যে এই দুঃসাহসিক তাণ্ডব, তা খতিয়ে দেখছে পুলিশ। মিহিজাম থানার ওসি প্রদীপ রানা জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে এলাকায় বোমাবাজি ও মৃত্যুর খবর ছড়ালেও পুলিশ তা স্বীকার করেনি।
ঘটনায় আতঙ্কিত বাসিন্দাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। কারণ, রাতের অন্ধকারে যদি বাড়ির দরজাও নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে, তবে সাধারণ মানুষ আশ্রয় নেবেন কোথায়? কানগোইয়ের এই ঘটনা ফের প্রশ্ন তুলছে এলাকার আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে।
Comments
Post a Comment