উৎসবের বাজারে অনিয়মের গন্ধ, নিয়ামতপুরে প্রশাসনের কড়া অভিযান


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      উৎসবের আলোয় বাজার যখন জমজমাট, তখনই ক্রেতাদের স্বার্থরক্ষায় নজরদারির কড়া বার্তা নিয়ে পথে নামল প্রশাসন। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর আগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শনিবার কুলটির নিয়ামতপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়।

       এসডিও দফতরের প্রতিনিধি বীরেন্দ্র অধিকারী, ফুড সেফটি অফিসার বিদ্যুৎ দত্ত এবং এগ্রিমার্কেটিং জুনিয়র ইন্সপেক্টর সৌগত রায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন চিনি, তেল ও মিষ্টির দোকান পরিদর্শন করেন। গোডাউনের অপরিচ্ছন্ন পরিবেশ নজরে আসায় ব্যবসায়ীদের দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

       অভিযানে একটি তেল মিলে উঠে আসে গুরুতর অনিয়মের অভিযোগ। আধিকারিকদের দাবি, নির্দিষ্ট কিছু কাগজপত্র দেখাতে পারেননি মিল কর্তৃপক্ষ। পাশাপাশি একটি কোম্পানির টিনে অন্য কোম্পানির তেল ভরে বিক্রির বিষয়টিও নজরে আসে। মিল মালিককে সতর্ক করার পাশাপাশি আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।

       উৎসবের আনন্দে ভেজাল ও অনিয়মের ছায়া যাতে না পড়ে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই তৎপরতা। ক্রেতাস্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা ফেরাতে আগামী দিনেও নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়