জামুড়িয়া- হাসপাতালের দুয়ারে অন্ধকার, দায়িত্বেও ধোঁয়াশা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      হাসপাতাল মানেই বিপদের দিনে শেষ আশ্রয়, অন্ধকার জীবনে আলোর প্রত্যাশা। অথচ সেই হাসপাতালের প্রবেশপথেই যদি নেমে আসে ঘন অন্ধকার, তাহলে মানুষ ভরসার আলো খুঁজবে কোথায়? জামুড়িয়ার বাহাদুরপুর রুরাল হাসপাতালের ছবিটা যেন সেই প্রশ্নই তুলে ধরছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বিদ্যুতের লাইট লাগানো থাকলেও সেখান থেকে মিলছে না সামান্য আলোর নিশ্চয়তা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে হাসপাতালের বাইরের অংশ। স্থানীয়দের অভিযোগ, এই দুর্ভোগ প্রায় প্রতিদিনের।

    স্থানীয় বিধায়ক বিজন মুখার্জ্জীর হাসপাতাল পরিদর্শন ঘিরে সামনে এসেছে এক গুরুতর অভিযোগ। বিএমওএইচের উপস্থিতি নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ দিনই তাঁকে হাসপাতালে পাওয়া যায় না। বাহাদুরপুরে খোঁজ করলে বলা হচ্ছে, তিনি রয়েছেন আখলপুরে। আখলপুরে খোঁজ নিতে গেলে জানানো হচ্ছে, তিনি নাকি বাহাদুরপুরে। এভাবেই দুই হাসপাতালের মধ্যে দায়িত্বশীল আধিকারিকের অবস্থান নিয়ে চলছে লুকোচুরি!

      স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জরুরি পরিস্থিতিতে রোগীরা কার উপর ভরসা করবেন? দুর্ঘটনা বা একসঙ্গে একাধিক রোগী হাসপাতালে পৌঁছলে দায়িত্ব সামলাবেন কে? তখনও কি আধিকারিকের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে হবে?

      বিজন মুখার্জ্জীর পরিদর্শনের সময় এই ছবি প্রকাশ্যে এলেও প্রশ্ন শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ নয়, স্বাস্থ্য দফতরের নজরদারি কোথায়? হাসপাতালের আলো জ্বলবে কবে? দায়িত্বশীল আধিকারিকের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে কবে?

      যে হাসপাতালের দুয়ারে মানুষ জীবনের আলো খুঁজতে আসেন, সেই দুয়ারেই যদি অন্ধকার, দায়িত্বে যদি থাকে অনিশ্চয়তা, তবে সাধারণ মানুষের ভরসার শেষ প্রদীপটুকুও কি নিভে যাবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়