ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের, ক্ষতিপূরণের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ


  রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

    রুজির টানে প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন। কিন্তু কে জানত, কর্মব্যস্ত মালগুদামেই অপেক্ষা করছে জীবনের শেষ মুহূর্ত! রানীগঞ্জ রেল স্টেশনের মালগুদামে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ২৮ বছর বয়সি শ্রমিক উখড়া গোয়ালার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রানীগঞ্জের কুমারবাজার রাজয়ারপাড়ায়।

      জানা গিয়েছে, রেলওয়ে সাইডিংয়ে মাল লোডিংয়ের কাজ চলাকালীন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মাত্র ২৮ বছর বয়সেই নিভে গেল একটি প্রাণ, থেমে গেল সংসারের একমাত্র উপার্জনকারীর পথচলা। রেখে গেলেন দুই মেয়ে ও এক ছেলেকে।

      প্রিয়জনকে হারিয়ে শোকের বদলে এবার পরিবারের সামনে বড় হয়ে উঠেছে বেঁচে থাকার প্রশ্ন। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে সামিল হন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ক্ষতিপূরণের ব্যবস্থা না হওয়া পর্যন্ত দেহ সরানো যাবে না।

      খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রানীগঞ্জ থানার পুলিশ। শোক, ক্ষোভ আর অনিশ্চয়তায় থমথমে মালগুদাম চত্বর। একটি দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ, রেখে গেল অসহায় পরিবারের ভবিষ্যৎ নিয়ে একরাশ প্রশ্ন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়