প্যান্ডেলের তলায় টাকার খেলা, নীরব কেন প্রশাসন?


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

     উৎসবের প্যান্ডেল নয়, বাঁশ-ত্রিপলের আড়ালে নাকি বসেছে টাকার সাম্রাজ্য! বাইরে সাধারণ রাস্তা, ভিতরে লক্ষ লক্ষ টাকার জুয়ার বোর্ড। অভিযোগ, রাতের অন্ধকার নামলেই শুরু হয় এই কারবার, চলে ভোরের আলো ফোটা পর্যন্ত। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার এথোড়া পঞ্চায়েতের আঙ্গারিয়া গ্রামকে ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।

      স্থানীয় সূত্রের দাবি, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এই জুয়ার আসর। প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার লেনদেন হয় বলেও অভিযোগ। এই কারবারের নেপথ্যে কার্ত্তিক নন্দী নামে এক ব্যক্তির ভূমিকার কথা উঠে এসেছে। 

      অভিযোগ, আসর পরিচালনা করে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ টাকা লাভ হয়। শুধু জুয়ার বোর্ডই নয়, টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়লে চড়া সুদে ঋণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ, একদিকে জুয়ার নেশা, অন্যদিকে ঋণের ফাঁস- সর্বস্বান্ত হওয়ার যেন দ্বিমুখী রাস্তা!

   সবচেয়ে বিস্ময়কর প্রশ্ন, জনবহুল এলাকায় রাতভর এমন আসর চললেও প্রশাসনের নজরদারি কোথায়? কয়েকটি বাঁশ, ত্রিপল আর প্যান্ডেলের আড়ালে যদি কোটি টাকার কারবারের অভিযোগ ওঠে, তবে পুলিশের চোখে তা পড়ছে না কেন? আইন কি তবে শুধু সাধারণ মানুষের জন্যই সতর্ক?

      অবশ্য অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি ও পুলিশের বক্তব্যও মেলেনি। তদন্তের মাধ্যমেই সত্য সামনে আসা জরুরি। 

     এখন দেখার, প্যান্ডেলের পর্দা সরিয়ে প্রশাসন সত্যিই জবাব খোঁজে, নাকি অভিযোগের অন্ধকারেই ঢাকা পড়ে থাকে আঙ্গারিয়ার রাত!

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়