পরিচয়ের ঊর্ধ্বে মর্যাদা, কর্মের নতুন ঠিকানা ‘বৃহন্নলা ব্রিগেড’
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
সমাজের প্রান্তিক পরিচয় পেরিয়ে এবার কর্মের আঙিনায় নতুন করে নিজেদের জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন রূপান্তরকামী মানুষরা। তাঁদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বৃহন্নলা ব্রিগেড’ গঠনের বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
সল্টলেকের শুভান্নতে পুর ও নগরোন্নয়ন দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে এই উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগ্রহী ট্রান্সজেন্ডার সদস্যদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে নাগরিক সচেতনতার কাজে যুক্ত করা হবে তাঁদের। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, রাস্তায় আবর্জনা না ফেলা কিংবা যত্রতত্র থুতু না ফেলার মতো বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন তাঁরা।
পাশাপাশি, কলকাতা পুর এলাকায় সম্পত্তি কর সংগ্রহের কাজেও প্রশিক্ষিত সদস্যদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কাজের বিনিময়ে তাঁদের দেওয়া হবে নির্দিষ্ট স্টাইপেন্ড।
এই উদ্যোগ নিছক কর্মসংস্থানের আয়োজন নয়, বরং দীর্ঘদিনের সামাজিক অবহেলা ও বঞ্চনার অন্ধকার পেরিয়ে সম্মানের আলোয় ফেরার এক প্রত্যাশা। পরিচয় নয়, যোগ্যতা ও কর্মদক্ষতাই হয়ে উঠুক মানুষের আসল পরিচয়। বৃহন্নলা ব্রিগেডের হাত ধরে সেই সমতার স্বপ্ন বাস্তবের মাটিতে শিকড় ছড়াক- এমনটাই প্রত্যাশা।
Comments
Post a Comment