আসানসোল - উঁচু শেড থেকে পতন, জীবন-মৃত্যুর লড়াই



সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 

      জীবিকার তাগিদে কারখানার উঁচু শেডে উঠেছিলেন তিনি। মুহূর্তের অসতর্কতায় নেমে এল ভয়াবহ বিপর্যয়। দেন্দুয়া শিল্পতালুকের রামদূত মেটালয়েজ কারখানায় প্রায় ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক। বর্তমানে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩০ বছরের মহঃ জিশান। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। মাত্র পাঁচ দিন আগে ঠিকাদারের মাধ্যমে কাজে যোগ দিয়েছিলেন তিনি।

      শুক্রবার দুপুরে কারখানার নতুন শেড নির্মাণের জন্য ওয়েল্ডিং ও ছাদ তৈরির কাজ চলছিল। সেই সময় আচমকাই উপর থেকে নিচে পড়ে যান জিশান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     এই দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন শ্রমিক নেতা অমরনাথ মাহাতো। তাঁর অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থার অভাব এবং হাসপাতালে পাঠাতে গড়িমসির কারণেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে।

      যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, সমস্ত নিরাপত্তাবিধি মেনেই কাজ চলছিল এবং জিশানের কোমরে সেফটি বেল্ট বাঁধা ছিল। চিকিৎসার যাবতীয় খরচ বহনের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।

      তবে প্রশ্ন একটাই- শিল্পের অগ্রগতির মূল্য কি এভাবেই চোকাতে হবে শ্রমিকের জীবন দিয়ে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়