স্ক্রিন ছেড়ে জ্ঞানের ডানায়, দুর্গাপুরে ‘কোয়েস্ট ২০২৬’
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মুঠোফোনের ছোট্ট পর্দায় বন্দি শৈশবকে ফিরিয়ে আনার ডাক। আঙুলের স্পর্শে স্ক্রিন বদলানোর বদলে মস্তিষ্কের গভীরে জ্ঞানের আলো জ্বালানোর আহ্বান। সোশ্যাল মিডিয়ার ক্ষণিকের আকর্ষণ সরিয়ে বই, বুদ্ধি, যুক্তি আর কৌতূহলের জগতে নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল দুর্গাপুর ক্লাব সমন্বয়। আগামী ১৪ নভেম্বর শহরে আয়োজিত হতে চলেছে স্কুলপড়ুয়াদের নিয়ে বৃহৎ কুইজ প্রতিযোগিতা ‘কোয়েস্ট ২০২৬’।
আজকের ডিজিটাল যুগে শিশু-কিশোরদের একটা বড় অংশের অবসর গ্রাস করেছে মুঠোফোন। বইয়ের পাতায় চোখ রাখার বদলে ছোট পর্দার রঙিন জগতে হারিয়ে যাচ্ছে অনেক শৈশব। সেই অভ্যাসের গণ্ডি ভেঙে জানার আনন্দ, ভাবনার গভীরতা এবং প্রশ্ন করার সাহসকে নতুন করে জাগিয়ে তুলতেই এই আয়োজন। আয়োজকদের বিশ্বাস, প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তার বিস্তার পৃথিবীর প্রতিটি বিষয় ও অভিজ্ঞতায়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আয়োজকেরা জানান, তিন শতাধিক স্কুলের পড়ুয়াদের এই প্রতিযোগিতায় সামিল করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২০০টি স্কুল যোগাযোগ করে নাম নথিভুক্ত করেছে। সাধারণ জ্ঞান, শিক্ষামূলক বিষয়, চলচ্চিত্র ও বিনোদন জগতের নানা প্রশ্নে সাজানো হবে প্রতিযোগিতার পর্ব। মুখস্থবিদ্যার পাশাপাশি যাচাই হবে উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।
প্রতিযোগিতায় প্রায় ২ লক্ষ টাকার পুরস্কার রাখা হয়েছে। অনলাইন ও কিউআর কোডের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে।
‘কোয়েস্ট ২০২৬’ শুধুই জয়-পরাজয়ের লড়াই নয়, বরং অজানাকে জানার এক আনন্দযাত্রা। স্ক্রিনের আলো নয়, মেধার দীপ্তিতে আলোকিত হোক আগামী প্রজন্ম- দুর্গাপুরের এই উদ্যোগে সেই স্বপ্নই যেন ডানা মেলছে।
Comments
Post a Comment