দুর্গাপুর - প্রদীপ জ্বলে বাইরে, তাসের আসর ভিতরে! পুলিশের জালে পাঁচ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
উৎসবের আলোয় যখন চারদিকে আনন্দের আবেশ, তখন হোটেলের বন্ধ ঘরে নাকি বসেছিল টাকার খেলা! দীপাবলির রাতেই দুর্গাপুরে জুয়ার আসরে পুলিশের হানা ঘিরে ছড়াল চাঞ্চল্য। ভিরিঙ্গি সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা-সহ পাঁচজনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে নগদ ৭১ হাজার টাকা এবং জুয়া খেলার তাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘর ভাড়া নিয়ে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন পুলিশকর্মীরা। হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থাকায় ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কটাক্ষ করে বলেন, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। তাঁর অভিযোগ, দলের নেতারা গোটা দুর্গাপুরে জুয়ার আসর চালাতেন। পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা। তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের রাতেও আইনের নজর এড়ানো গেল না। তবে প্রশ্ন উঠছে, হোটেলের আড়ালে এমন আসর কতদিন ধরেই বা চলছিল? এবার তদন্তেই খুলুক সেই অন্ধকার ঘরের দরজা।
Comments
Post a Comment