সূর্যবন্দনার ঘাটে মৃত্যুর ছায়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পুণ্যার্থীর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সূর্যদেবের আরাধনা, ভক্তির অর্ঘ্য আর উৎসবের আনন্দে মুখরিত ছটঘাট। কিন্তু সেই পবিত্র মুহূর্তেই নেমে এল মৃত্যুর অন্ধকার। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এক ছটব্রতী পুণ্যার্থী। সোমবার সকালে পাণ্ডবেশ্বরের গাইঘাটা ছটঘাটের এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃতের নাম বিনোদ নুনিয়া (৫৫)। তিনি স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর সময় কোনও কারণে পড়ে যাওয়ার উপক্রম হলে নিজেকে সামলাতে পাশের বাঁশের কাঠামো ধরেন বিনোদবাবু। অভিযোগ, সেখানেই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে পৌঁছন এসিপি (অন্ডাল) দীপ কুমার দাস, পাণ্ডবেশ্বর থানার ওসি সুশোভন বন্দ্যোপাধ্যায়, বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।
ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ঘাটে বিদ্যুতের তারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। হাজারো মানুষের সমাগমের উৎসবে নিরাপত্তার এমন ঘাটতি কেন, জানতে চাইছেন বাসিন্দারা।
Comments
Post a Comment