দামোদরের স্রোতে কিশোর নিখোঁজ, রণডিহায় কান্নার অপেক্ষা
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
নদীর জলে ছিল স্নানের আনন্দ, মুহূর্তেই তা বদলে গেল বিষাদের গভীর স্রোতে। বন্ধুদের সঙ্গে দামোদরের জলে নেমে আর ডাঙায় ফেরা হল না ১৬ বছরের কিশোর অজয় রুইদাসের। মঙ্গলবার দুপুরে বুদবুদের রণডিহা ড্যাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা অজয় চাকতেঁতুলে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে নামে সে। আচমকাই জলের প্রবল স্রোতে দু’জন তলিয়ে যেতে শুরু করে। বিপদ বুঝে এক স্থানীয় যুবক উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। তাঁর চেষ্টায় একজনকে উদ্ধারের চেষ্টা হলেও অজয় তলিয়ে যায় নদীর গভীরে।
এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। নিখোঁজ কিশোরের সন্ধানে শুরু হয় তল্লাশি। উদ্ধারকাজে নামানো হয় স্থানীয় ডুবুরিদেরও।
এদিকে নদীর পাড়ে উৎকণ্ঠায় প্রহর গুনছেন পরিবারের সদস্য ও পরিজনেরা। পরিচিত মুখটির ফিরে আসার আশায় প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘতর হয়ে উঠছে। দামোদরের বুকে চলছে তল্লাশি, আর তীরে অপেক্ষার চোখে জমছে স্বজন হারানোর আশঙ্কা।
Comments
Post a Comment