কুম্ভমেলার আদলে সেজে উঠছে গঙ্গাসাগর, প্রাঙ্গণ সম্প্রসারণে স্থায়ী পুনর্বাসন পেলেন ৩০০ মৎস্যজীবী পরিবার
রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:-
আগামী ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের এবং ঐতিহ্যবাহী কুম্ভমেলার আদলে গড়ে তোলার এক বৃহৎ কর্মযজ্ঞ শুরু করেছে রাজ্য প্রশাসন। নতুন সরকারের আমলে এটিই প্রথম গঙ্গাসাগর মেলা হতে চলেছে, আর সেই কারণেই আয়োজন ও পরিকাঠামোর ক্ষেত্রে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামাল দিতে এবং তাঁদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণের আয়তন প্রায় আড়াই গুণ বৃদ্ধি করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃহৎ পরিকল্পনার অঙ্গ হিসেবে কপিলমুনির আশ্রম সংলগ্ন ৬ এবং ৭ নম্বর স্নানঘাটের পাশের সরকারি খাসজমি বা চাতালটি মেলা প্রাঙ্গণের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘ কয়েক দশক ধরে এই বিস্তীর্ণ এলাকায় বসবাস করে শুঁটকি মাছের ব্যবসা চালিয়ে আসছিলেন প্রায় ৩০০টি মৎস্যজীবী পরিবার। প্রতি বছর মেলার সময় সাময়িকভাবে তাঁদের ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হতো এবং মেলা শেষ হলে তাঁরা পুনরায় সেখানে ফিরে এসে ব্যবসা শুরু করতেন। এই অস্থায়ী ব্যবস্থার কারণে প্রতি বছরই মৎস্যজীবীদের যেমন সমস্যায় পড়তে হতো, তেমনই প্রশাসনের পক্ষেও মেলার পরিকাঠামো গড়ে তোলা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াত। এবার সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান করল প্রশাসন। সম্প্রতি মহকুমা শাসক (এসডিও) ও সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৬ ও ৭ নম্বর স্নানঘাট সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।এরপর বিডিও অফিসে মৎস্যজীবী পরিবারগুলির প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করে ধবলাট গ্রাম পঞ্চায়েতের সাউঘেরী এলাকায় তাঁদের স্থায়ী পুনর্বাসনের কথা ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে দীর্ঘদিনের ভিটেমাটি ও ব্যবসার স্থল ছেড়ে নতুন জায়গায় যাওয়ার নির্দেশ পেয়ে মৎস্যজীবীদের একাংশের মধ্যে কিছুটা ক্ষোভ ও সংশয় তৈরি হয়েছিল। নতুন স্থানে পানীয় জল, বিদ্যুৎ এবং যাতায়াতের রাস্তার সুব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। তবে মৎস্যজীবীদের প্রতিটি দাবি ও উদ্বেগকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব। দ্রুতগতিতে ধবলাটের সাউঘেরী এলাকায় পানীয় জল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং উন্নত সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।প্রশাসনের এই সুপরিকল্পিত ও মানবিক পদক্ষেপে আশ্বস্ত হয়ে হাসিমুখেই নতুন ঠিকানায় স্থানান্তরিত হতে রাজি হয়েছেন মৎস্যজীবী পরিবারগুলি। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, "এবছর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ প্রায় আড়াই গুণ বৃদ্ধি পাচ্ছে। মেলার বৃহত্তর স্বার্থে ৬ এবং ৭ নম্বর স্নানঘাটের কাছের এলাকার প্রায় ৩০০টি মৎস্যজীবী পরিবারকে ধবলাট গ্রাম পঞ্চায়েতের সাউঘেরীতে অত্যন্ত ভালো জায়গা দেখে স্থানান্তরিত করা হয়েছে।সেখানে প্রত্যেকের জন্য আলো, পানীয় জল এবং সংযোগকারী বিকল্প রাস্তার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগে প্রতি বছর মেলার সময় এই পরিবারগুলিকে সাময়িকভাবে সরানো হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। বর্তমান সরকার সেই সমস্যার স্থায়ী সমাধান করে তাঁদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে।"
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির মণ্ডল ৪-এর সভাপতি পিনাকী মণ্ডল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল গঙ্গাসাগর মেলা একদিন বিশ্বমানের বৃহৎ আকার ধারণ করবে। আজ সেই শুভ সময় উপস্থিত হয়েছে। বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনায় মেলা গ্রাউন্ড আড়াই গুণ বাড়ানো হচ্ছে। এই কাজের জন্য মেলার পশ্চিম অংশের (৬ ও ৭ নম্বর ঘাট সংলগ্ন) মৎস্যজীবী পরিবারগুলিকে ধবলাটে স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়েছে। শুরুতে নতুন জায়গায় জল ও আলোর ব্যবস্থা নিয়ে তাঁদের মনে কিছু প্রশ্ন থাকলেও, বিডিও অফিসের বৈঠকে প্রশাসনের তরফে সমস্ত পরিকাঠামো নিশ্চিত করার পর তাঁরা অত্যন্ত খুশি। কুম্ভমেলার আদলে গঙ্গাসাগরকে সাজিয়ে তুলতে জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।"
Comments
Post a Comment