প্রতিবাদের মিছিলে বই, অক্ষরের হাত ধরেই আসানসোলে প্রতিরোধ


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      বইয়ের বিরুদ্ধে হামলার জবাব বই হাতেই। প্রতিবাদের ভাষা হয়ে উঠল সাহিত্য, প্রতিরোধের পথ হয়ে উঠল অক্ষরের সহযাত্রা। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বইয়ের স্টলে হামলার ঘটনার প্রতিবাদে এবার অভিনব কর্মসূচিতে সামিল হলেন আসানসোলের কবি, লেখক ও সাহিত্যিকরা।

       মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত হয় ‘বইয়ের সাথে হাঁটুন’ কর্মসূচি। হাতে বই, মনে প্রতিবাদের আগুন- এভাবেই শতাধিক কবি, লেখক ও সাহিত্যপ্রেমী পা মেলান এই ব্যতিক্রমী প্রতিবাদে। তাঁদের কণ্ঠে উঠে আসে বই, সাহিত্যচর্চা এবং স্বাধীন চিন্তার পরিবেশ রক্ষার দাবি।

     উদ্যোক্তা বিকাশ গায়েন ও সুমিত বন্দ্যোপাধ্যায় জানান, বই ও সাহিত্যচর্চার পরিবেশের উপর যে কোনও ধরনের আক্রমণ নিন্দনীয়। কোনও সভ্য সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

    এই কর্মসূচি যেন মনে করিয়ে দিল, বই কেবল মলাটবন্দি কিছু পৃষ্ঠা নয়, বই মানুষের মুক্ত চিন্তার জানালা, প্রতিবাদের শক্তি এবং সমাজ বদলের হাতিয়ার।

     আসানসোলের রাজপথে তাই এদিন প্রতিবাদের ভাষা ছিল একটাই- বইকে বাঁচান, চিন্তার স্বাধীনতাকে বাঁচান। কারণ অক্ষরকে আঘাত করে কখনও মানুষের কণ্ঠ স্তব্ধ করা যায় না।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়