ছটের টানে ঘরে ফেরা, ভিড়ে নাকাল আসানসোল স্টেশন
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
উৎসবের ডাক, ঘরে ফেরার টান আর প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার অদম্য আকুলতা- কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ছটপুজোকে ঘিরে শুরু হয়েছে ঘরমুখো মানুষের প্রবল স্রোত। এইরাজ্যে কর্মরত অসংখ্য মানুষ পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ছুটছেন নিজের ঠিকানায়। আর সেই যাত্রাপথেই চরম ভোগান্তির ছবি ধরা পড়ছে আসানসোল স্টেশনে।
বৃহস্পতিবার সকাল থেকেই স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়ছে যাত্রীদের ভিড়। সাধারণ কামরা তো বটেই, স্লিপার এমনকি এসি কোচেও তিলধারণের জায়গা নেই। কেউ কোনওরকমে কামরায় উঠে দাঁড়ানোর জায়গা খুঁজছেন, কেউ আবার ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন। বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশগামী যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। অনেকের কাছে বাড়ি ফেরার এই যাত্রা আনন্দের হলেও বাস্তবে তা হয়ে উঠছে চরম দুর্ভোগের।
যাত্রীদের চাপ সামাল দিতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে একাধিক ছট স্পেশাল ট্রেন চালানো হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে তৎপর রয়েছে আরপিএফ এবং জিআরপি। প্ল্যাটফর্মে নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি মাইকে প্রচার চালানো হচ্ছে।
যাত্রীদের সুবিধার্থে স্টেশনের বাইরে কুম্ভমেলার আদলে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। সেখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দীর্ঘক্ষণ অপেক্ষারত ছটব্রতী মহিলা ও তাঁদের পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পান।
তবুও যাত্রীদের দাবি, উৎসবের বিপুল চাপ সামাল দিতে আরও বেশি সংখ্যায় অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাতে হবে। বিশেষত বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন গন্তব্যে বাড়াতে হবে রেল পরিষেবা।
উৎসবের আনন্দে ঘরে ফেরার স্বপ্ন যেন রেলপথের ভিড়ে হারিয়ে না যায়। তাই এখন আসানসোলের যাত্রীদের একটাই প্রার্থনা- ট্রেন বাড়ুক, নিরাপদে ঘরে ফিরুক প্রতিটি মানুষ।
Comments
Post a Comment