বিপদের ছায়ায় রেল আবাসন- কোয়ার্টার খালি করতে RPF-এর মাইকিং
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নিরাপদ আশ্রয়ের ঠিকানা কখন যে বিপদের ঠিকানায় পরিণত হয়, তা অনেক সময় টের পান না বাসিন্দারা। মাথার ওপর জীর্ণ ছাদ, চারপাশে ক্ষতিগ্রস্ত দেওয়াল- যে কোনও মুহূর্তে নেমে আসতে পারে বিপর্যয়। এমনই আশঙ্কার মধ্যে আসানসোলের মহুয়াডাঙ্গা এলাকায় রেলের ক্ষতিগ্রস্ত কোয়ার্টারে বসবাসকারীদের উদ্দেশে এবার জারি হল শেষ সতর্কবার্তা।
শুক্রবার সকালে আসানসোল ইস্ট পোস্টের RPF আধিকারিকরা মাইকিং করে অবিলম্বে ওই কোয়ার্টারগুলি খালি করার নির্দেশ দেন। শুধু মাইকিং নয়, এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এটিই শেষবারের মতো সতর্কবার্তা। এরপরও কোয়ার্টার খালি না হলে RPF ও রেল কর্তৃপক্ষের তরফে জোরপূর্বক উচ্ছেদের পদক্ষেপ করা হবে।
রেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে আবাসনগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রাণহানির আশঙ্কা এড়াতেই এই উদ্যোগ।
তবে উচ্ছেদের আশঙ্কার পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসন ও বিকল্প আশ্রয়ের প্রশ্নও গুরুত্বপূর্ণ। কারণ, নিরাপত্তার সঙ্গে মানুষের মাথা গোঁজার ঠাঁইও জড়িয়ে রয়েছে।
Comments
Post a Comment