স্থায়ীকরণের দাবিতে সালানপুরে GRS, VLE ও STP কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
গ্রামের মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দিনের পর দিন ছুটে চলেছেন তাঁরা। অথচ নিজেদের ভবিষ্যৎই যেন আজ অনিশ্চয়তার অন্ধকারে। দাবির স্বীকৃতি না মেলায় সেই ক্ষোভ এবার গড়াল কর্মবিরতিতে।
রাজ্যজুড়ে আন্দোলনের অংশ হিসেবে ৮ অক্টোবর থেকে সালানপুর ব্লকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেন গ্রাম রোজগার সেবক (GRS), ভিলেজ লেভেল এন্টারপ্রেনার (VLE) এবং স্কিল্ড টেকনিক্যাল পার্সন (STP) কর্মীরা। কর্মজীবনের স্থায়ীকরণ, ন্যায্য পারিশ্রমিক এবং সরকারি সুযোগ-সুবিধার দাবিতে ‘পশ্চিমবঙ্গ GRS, VLE, STP কর্মীসাথী যৌথ মঞ্চ’-এর ডাকে এই কর্মসূচি।
বুধবার সকালে সালানপুর ব্লকের প্রায় ২০ জন কর্মী ব্লক অফিসে জমায়েত হয়ে প্রশাসনের কাছে তাঁদের অবস্থান স্পষ্ট করেন। তাঁদের দাবি, আসন্ন পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ার আগেই ব্লকের ১১টি পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে কর্মরত যোগ্য GRS, VLE ও STP কর্মীদের স্থায়ী করতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, ‘বিকশিত ভারত’ ও গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে তাঁরা নিরন্তর কাজ করছেন। অথচ তাঁদের নিজেদের চাকরির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
যৌথ মঞ্চের দাবি, গত ২৫ সেপ্টেম্বর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সালানপুরের বিডিও-কেও জানানো হয়। ৭ অক্টোবরের মধ্যে সদর্থক পদক্ষেপ না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের বার্তা স্পষ্ট-স্থায়ীকরণ নিয়ে কার্যকর পদক্ষেপ বা লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত থামবে না এই কর্মবিরতি।
Comments
Post a Comment