হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পাহাড়ের উত্তুঙ্গ শিখর শুধু বরফের স্তম্ভ নয়, তা আত্মবিশ্বাসের এক অক্ষয় পরীক্ষা। সেই দুর্গমতার আহ্বান বুকে মেখে, প্রকৃতিপ্রেম, ডিসিপ্লিন ও দেশপ্রেমের পতাকা হাতে হিমালয় অভিযানে পা বাড়াল আসানসোলের গোপালপুর রূপতাপস অ্যাডভেঞ্চার ক্লাব। ২৯ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬— এই দিনগুলোয় হিমাচল প্রদেশের আকাশে লেখা হবে তরুণ প্রতিভার এক নতুন রূপকথা।
অভিযানের মূল লক্ষ্য হিমাচলের নিঃশব্দ প্রহরী— ৬,০০১ মিটারের মাউন্ট ডিও টিব্বা এবং ৫,০৫০ মিটারের মাউন্ট জগৎসুখ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ার মোট ১৬ জন অদম্য প্রাণ একসুতোয় বাঁধা পড়েছেন এই রোমাঞ্চকর যাত্রায়। কৌশিক চট্টরাজের বলিষ্ঠ নেতৃত্বে অরূপা, সুজয়, সৌম্যদীপদের চোখজুড়ে এখন শুধুই শৃঙ্গজয়ের স্বপ্ন। দুর্গম বরফ পথ, প্রতিকূল হাওয়া আর পাতলা বাতাসের চ্যালেঞ্জ ছাপিয়ে তাঁদের ঝুলিতে জমা হবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা—প্রকৃতিকে সম্মান করে নিজের সীমাবদ্ধতাকে জয় করা।
২৯ আগস্টের এক থমথমে রাতে আসানসোল স্টেশনের প্ল্যাটফর্মে যখন ক্লাবের সভাপতি অসিত ব্যানার্জ্জী দলনেতার হাতে জাতীয় ও ক্লাবের পতাকা তুলে দিলেন, তখন সেখানে কেবল বিদায়মুহূর্ত ছিল না; ছিল গর্বের অশ্রু ও এক অখণ্ড বিশ্বাস। ভার্চুয়াল পৃথিবীর সীমানা ভেঙে এই তরুণ চোখগুলো আজ ছুঁতে চায় হিমালয়ের হিমশীতল নীরবতা।
Comments
Post a Comment